বিএনপিকে ধ্বংস করবে এ স্বরাষ্ট্রমন্ত্রী, পদত্যাগ দাবি জামায়াত নেতার
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২০:৪৮ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়ন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আসর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নোয়াখালী পৌরবাজার প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সমালোচনা করেন। তাঁর বক্তব্যে ভারতের শিলংয়ে নয় বছর প্রশিক্ষণের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এ স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপিকে ধ্বংস করবেন। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ।
সভাপতির বক্তব্যে ইসহাক খন্দকার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য দমনে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে সাত দফা দাবি বাস্তবায়ন ও সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মাহবুব, নোয়াখালী শহর জামায়াতের আমির মাওলানা মো. ইউসুফ, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মহিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিপুলসংখ্যক সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।
