মুন্সীগঞ্জে গ্রামীণ ব্যাংকের সামনে মোটরসাইকেল ও বেঞ্চে আগুন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২১:২৭ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে গ্রামীণ ব্যাংকের যশলং শাখার সামনে রাখা একটি মোটরসাইকেলের সিটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে সিটের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ব্যাংকের প্রবেশপথের কাছে থাকা একটি বেঞ্চেও আগুন লাগে।
বৃহস্পতিবার রাত ২টা থেকে সকাল ৭টার মধ্যে উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের যশলং শাখার সামনে এ ঘটনা ঘটে।
ব্যাংকটির ব্যবস্থাপক কামাল হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা ব্যাংকের দরজার সামনে আগুন লাগিয়ে দেয়। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
খবর পেয়ে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ জানান, কেউ হয়তো গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তবে ব্যাংকে আগুন লাগেনি এবং তেমন কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।
ওসি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।
