জাতীয় প্রাণিসম্পদ পদকে ঈশ্বরদীর আর আর পি’র সাফল্য
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২২:০২ | অনলাইন সংস্করণ
আলমাস আলী, ঈশ্বরদী (পাবনা)

জাতীয় পর্যায়ে পোল্ট্রি খামার ক্যাটাগরিতে রাষ্ট্রীয় সম্মাননা ‘জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬’-এর রৌপ্য পদক অর্জন করেছে পাবনার ঈশ্বরদীর প্রতিষ্ঠান আর আর পি এগ্রো ফার্মস (প্যারেন্টস্টক ফার্ম)। দেশের পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি এ সম্মাননা অর্জন করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে আর আর পি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মনসুর আলম এই পদক গ্রহণ করেন।
আধুনিক প্রযুক্তির ব্যবহার, মানসম্মত প্যারেন্টস্টক উৎপাদন, দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে অবদান এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এ পদকে ভূষিত করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন তাদের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার নিরলস পরিশ্রম, আন্তরিকতা, দায়িত্ববোধ এবং সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের অবদান ও টিমওয়ার্ক এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ সম্মাননা ভবিষ্যতে আরও মানসম্মত উৎপাদন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বছর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় পর্যায়ে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ প্রদান করা হয়।
ঈশ্বরদীর আর আর পি এগ্রো ফার্মসের এ রাষ্ট্রীয় অর্জনে স্থানীয় খামারি, ব্যবসায়ী মহল, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মহলে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।
