শিক্ষার্থীদের অঙ্গীকারনামায় স্বাক্ষর নেওয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৫:১৮ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়সহ নানা অভিযোগ উঠেছে। এ বিষয়ে কয়েকজন শিক্ষার্থী জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করায় তাদের কাছ থেকে জোরপূর্বক অঙ্গীকারনামায় স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফির নামে অতিরিক্ত এক হাজার ২০০ টাকা করে আদায় করছেন।
এর আগে, গত সোমবার অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীরা। এরপর থেকে তাদের নানাভাবে শাসানোর চেষ্টা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক ও অভিভাবক জানান, শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেওয়ার পর অধ্যক্ষ অভিযোগের রিসিভ কপি শিক্ষার্থীদের কাছ থেকে ভয় দেখিয়ে ছিনিয়ে নেন। বিষয়টি নিয়ে জাতীয়, অনলাইন ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা হয়।
এরপর জেলা প্রশাসকের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলামকে ডাকা হয়। পরে কয়েক দিন প্রতিষ্ঠানে দফায় দফায় বৈঠক করে স্থানীয় প্রভাবশালী নেতাদের মাধ্যমে ভয় দেখিয়ে লিখিত অভিযোগকারী ছয় শিক্ষার্থীর কাছ থেকে ‘এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে না’ মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর নেওয়া হয়। বিষয়টি নিয়ে সদর উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ ছাড়া শহিদুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন শিক্ষক ও অভিভাবকরা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, অভিযোগ দেওয়ার পর রাজনৈতিক নেতা ও স্থানীয় মাতব্বরদের মাধ্যমে তাদের কলেজে ডেকে নেওয়া হয়। এরপর নানাভাবে ভয় দেখানো হয়। তারা আরও বলেন, যারা অভিযোগ দিয়েছিলেন, শুধু তাদের কাছ থেকেই সরকারি ফি আদায় করা হয়েছে। অন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফির নামে অতিরিক্ত এক হাজার ২০০ টাকা করে আদায় করা হয়নি।
তারা আরও বলেন, তাদের অঙ্গীকারনামা জেলা প্রশাসকের কাছে জমা দিয়ে বলা হবে, অতিরিক্ত কোনো ফি আদায় করা হয়নি। যেসব শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত এক হাজার ২০০ টাকা করে আদায় করা হচ্ছে, তাদের সেই টাকা ফেরত দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। তবে কোনো শিক্ষার্থীর কাছ থেকে অঙ্গীকারনামায় স্বাক্ষর নেওয়া হয়নি।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. লায়লা আঞ্জুমান বানু বলেন, ধরেরবাড়ীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসেছিলেন। অন্য কোনো শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
