ভূরুঙ্গামারীতে আ. লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৫:৪৯ | অনলাইন সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-ত্রাণবিষয়ক সম্পাদক সেলিম হোসেন (২৮)। তিনি সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের সাইফুর রহমানের ছেলে। অপরজন হলেন চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান (৬২)। তিনি হুচরবালা গ্রামের আবু সাঈদ সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থানার মামলা নম্বর-১৬/৮০, তারিখ ২৫/০৫/২০২৫ খ্রিষ্টাব্দে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮/৯(৩)/১০/১৩ ধারায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতাবিরোধী বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে শুক্রবার সকালে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।