পুটখালী সীমান্তে মাদকবিরোধী অভিযানে এক ব্যবসায়ী আটক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৬:১৬ | অনলাইন সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ১৮০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক ব্যক্তি হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান (২৫)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির অভিযান কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে চোরাচালানি মালামাল ও মাদকসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ১৮০ বোতল ভারতীয় সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।