স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়, ১৮ বছর পর গ্রেপ্তার রবিন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ২০:২৮ | অনলাইন সংস্করণ
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি একরামুল হক রবিনকে (৪৬) ১৮ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১০ ও ৭ নম্বর ইউনিট এবং সাটুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই তাকে সাটুরিয়া থানায় আনা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তাকে মানিকগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত একরামুল হক রবিন (৪৬) সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সাটুরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৮ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(ক)/৩০ ধারায় সাটুরিয়া থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত রবিনকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালে চাঁদপুরের মতলব উপজেলার আশ্বিনপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মিতুকে বিয়ে করেন রবিন। বিয়ের পর যৌতুকের দাবিতে স্ত্রীর পরিবারের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। একপর্যায়ে মিতুর পরিবার এক লাখ ১০ হাজার টাকা দিলেও আরও সাড়ে চার লাখ টাকা দাবি করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, দাবিকৃত টাকা না পেয়ে ২০০৮ সালের ১৭ জুলাই রাতে মিতুকে নির্যাতনের পর হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ১৮ জুলাই মিতুর মামা ইকবাল হোসেন বাদী হয়ে রবিন ও তার বাবা রফিকুল ইসলামকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন।
তদন্ত শেষে ২০০৯ সালে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ২০২১ সালের ৬ জানুয়ারি মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন রবিনকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় তার বাবা রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রবিন বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
