মুন্সীগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১৫:৪২ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিরোধে হামলা-সংঘর্ষে সেলিম নামে একজন নিহত হওয়ার দুই দিন পর নদীতে নিখোঁজ আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিখোঁজ হওয়ার পর শনিবার (২৮ নভেম্বর) সকালে মেঘনার শাখা নদীতে ভেসে ওঠে মো. আলমগীর হোসেন (৪৬) নামে ওই ব্যক্তির মরদেহ।

নিহত আলমগীর হোসেন মুন্সীগঞ্জ সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে মেঘনার শাখা নদী সাঁতরে তীরে ওঠার সময় তিনি নিখোঁজ হন। এর আগে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে আহত হয়েছিলেন তিনি। নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা দুই দিন নদীতে উদ্ধার অভিযান চালিয়েও তাঁর সন্ধান পায়নি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার সকালে আলমগীর হোসেন নদীতে নিখোঁজ হওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ২৬ ও ২৭ নভেম্বর দুই দিন অভিযান চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভেসে ওঠার খবর দেন। পরে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এর আগে বৃহস্পতিবার ভোরে একই ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে ঘিরে রহিম মোল্লা ও আওলাদ মোল্লার অনুসারীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সেলিম নামে একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চার বছরের এক শিশুসহ দুইজন গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত সপ্তাহেও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ চরডুমুরিয়া, সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন রহিম মোল্লা ও আওলাদ মোল্লা। দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আওলাদ মোল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে তাঁদের অনুসারীদের মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন জানান, নদী থেকে আলমগীর দালালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। ছয়জনকে আটক করা হয়েছে।