ঝড়-বাতাসে লণ্ডভণ্ড ৬ বিঘার পেঁপে বাগান, দুশ্চিন্তায় কৃষক শাহিন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১৮:৩১ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে বৈরী আবহাওয়ার বৃষ্টি ও বাতাসে জাতীয় পদকপ্রাপ্ত কৃষক শাহিনুজ্জামান শাহিনের ছয় বিঘা জমির টপ লেডি জাতের পেঁপে বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছে প্রচুর ফলন এলেও বাতাসে অধিকাংশ গাছের মাথা ভেঙে যাওয়ায় প্রত্যাশিত লাভ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে শাহিনের পেঁপে বাগানে গিয়ে দেখা যায়, গাছগুলোতে প্রচুর পেঁপে ধরেছে। ক্ষতিগ্রস্ত বাগানের মধ্যেও শ্রমিকরা পেঁপে সংগ্রহ করে বাজারজাত করছেন। তবে বাতাসে গাছের মাথা ভেঙে যাওয়ায় অনেক গাছের ফলন নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শাহিনুজ্জামান শাহিন তিন বছর ধরে টপ লেডি জাতের পেঁপে চাষ করছেন। এবার ছয় বিঘা জমিতে পেঁপে চাষে প্রাথমিকভাবে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। বাগানের পরিচর্যা, সার, আগাছা পরিষ্কার ও শ্রমিক বাবদ বছরে আরও প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়। সাথি ফসল হিসেবে মরিচ, কলা, কাঁকরোল ও বিভিন্ন শাকসবজি চাষ করে পরিচর্যার খরচের একটি অংশ তুলে আনেন তিনি।

শাহিন বলেন, টপ লেডি জাতের পেঁপে সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা ও দাম ভালো। এবার বাগানে ফলনও হয়েছিল আশানুরূপ। ইতোমধ্যে প্রায় দুই লাখ টাকার পেঁপে বিক্রি করেছেন। আশা ছিল, ছয় বিঘা বাগান থেকে প্রায় ৩০ লাখ টাকার পেঁপে বিক্রি করবেন। কিন্তু বৃষ্টি ও বাতাসে অধিকাংশ গাছের মাথা ভেঙে যাওয়ায় সেই স্বপ্ন এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

শাহিনুজ্জামান শাহিন সাহাপুরের মহাদেবপুর গ্রামের ইমান সরদারের ছেলে। পেঁপে চাষের পাশাপাশি তিনি পেঁয়াজ, গাজর, বেগুন, মুলা, কলা ও ক্যাপসিকাম চাষ করেন। কৃষিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে জাতীয় কৃষি পদক অর্জন করেন তিনি।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানা বলেন, দেশে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির সঙ্গে পেঁপের চাহিদা বাড়ছে। বিশেষ করে চৈত্র-বৈশাখ মাসে পেঁপের চাহিদা ও দাম বেশি থাকে। শাহিনকে বিএডিসির সেচ বিভাগ থেকে সৌরশক্তিচালিত ডাগওয়েল (পাতকুয়া) সরবরাহ করা হয়েছে। ফলে খরার সময়ও তিনি সেচ সুবিধা পাচ্ছেন এবং ভালো ফলন অর্জন করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন বলেন, শাহিনের বাগানে প্রচুর পেঁপে ধরেছিল। ফলের ভার ও বাতাসে কিছু গাছের মাথা ভেঙে গেছে। অবশিষ্ট গাছগুলোতে খুঁটি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকসহ অন্যদের সার্বক্ষণিক কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে।