জীবননগরে মাটিবাহী লাটা হাম্বারের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১৯:২৬ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবাহী লাটা হাম্বারের (ইঞ্জিনচালিত অবৈধ যান) ধাক্কায় ফারিয়া খাতুন (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারিয়া খাতুন জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের খবির উদ্দিনের মেয়ে। সে তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে সাইকেল চালিয়ে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল ফারিয়া। পথে কালা গ্রামে একটি মাটিবাহী লাটা হাম্বারের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফারিয়ার মৃত্যু হয়।
এ ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাকবলিত লাটা হাম্বারটি আটকে রেখে ভাঙচুর চালান গ্রামবাসী।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
