ঈশ্বরদীতে স্কুলছাত্রীর ছবি সরাতে বলায় যুবককে কুপিয়ে জখম

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১৯:৪৫ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদীতে মোবাইল ফোনের স্ক্রিন থেকে স্কুলছাত্রীর ছবি সরিয়ে নেওয়ার অনুরোধ করায় তার আপন ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে শহরের ফতেমোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত যুবক নওশাদ আলিম পাপ্পু (২৭) ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর কামাল আশরাফির ছেলে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলছাত্রীর ব্যক্তিগত ছবি কিছুদিন ধরে তারই এক সহপাঠী ছাত্রের মোবাইল ফোনের স্ক্রিনে রাখা ছিল। এ নিয়ে বিভিন্ন সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা হচ্ছিল। বিষয়টি নিয়ে পাপ্পুসহ পরিবারের সদস্যরা ছবিটি মোবাইলের স্ক্রিন থেকে সরিয়ে নেওয়ার জন্য ওই ছাত্রের পরিবারকে অনুরোধ করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

এরই জেরে শুক্রবার রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ফতেমোহাম্মদপুরে নিজ বাড়িতে ফেরার পথে পাপ্পুর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সহপাঠী ছাত্রের বড় ভাই আমান হোসেনের নেতৃত্বে ৮-১০ জন যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পাপ্পুর ওপর হামলা চালায়। এ সময় তাকে উপর্যুপরি কুপিয়ে আহত করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাপ্পুর বাবা কামাল আশরাফি বলেন, বিষয়টি নিয়ে এলাকার লোকজন মীমাংসার জন্য তাঁদের অনুরোধ করেছিলেন। কিন্তু তার আগেই আমান হোসেনের নেতৃত্বে কয়েকজন যুবক তাঁর ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে, যা খুবই দুঃখজনক। ছুরিকাঘাতে তাঁর ছেলের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেছেন।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অভিযুক্তরা পালিয়ে গেছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।