রংপুরে জমি দখল ও হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ২১:২৭ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর নগরীর ভগিবালাপাড়া এলাকায় জমি দখল, এলাকাবাসীর ওপর হামলা, নির্যাতন এবং পুলিশ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী মেহেদি হাসানকে কেন্দ্র করে এলাকায় জমি দখল, সাধারণ মানুষের ওপর হামলা ও বিভিন্ন ধরনের হয়রানির ঘটনা ঘটছে। এসব ঘটনার কারণে এলাকার নিরীহ মানুষ দীর্ঘদিন ধরে আতঙ্ক ও ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন বলে দাবি করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে এলাকাবাসীর ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতনের অভিযোগ রয়েছে। এমনকি ভুক্তভোগীদের পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
তারা আরও বলেন, সাধারণ মানুষ যেন নিজেদের জমি ও বসতভিটায় নিরাপদে বসবাস করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রভাব খাটিয়ে কেউ যেন সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সাফিয়া বেগম, নাসরিন বেগম ও জাহাঙ্গীর আলম। এ সময় মানবাধিকারকর্মী আমিনা বেগম রীপা, মোসেদুল হোসেন মিঠু এবং জাহাঙ্গীর হোসেন ডাব্লুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, জমি দখলের ঘটনার সুষ্ঠু সমাধান, হামলা ও নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পুলিশি হয়রানি বন্ধের দাবি জানান।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, ভুক্তভোগী সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে তাদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
এ সময় ব্যানারে অভিযুক্তদের বিরুদ্ধে বিচারের দাবি জানানো হয়। কর্মসূচিতে ভগিবালাপাড়া এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে মেহেদি হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তার নাম ভাঙিয়ে ওই এলাকায় কেউ এ ধরনের কাজ করে থাকতে পারে বলে জানান তিনি।
