ঈশ্বরদীতে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১৭:৫০ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে গাছ কেটে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে মানিকনগর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা মহাসড়কের পাশের একটি গাছ কেটে সড়কের ওপর ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করে। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছ অপসারণ করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনার পর সেখানে আওয়ামী লীগবিরোধী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সলিমপুর ইউনিয়ন বিএনপি নেতা আনারুল ইসলাম ও উপজেলা যুবদল নেতা মতিয়ার রহমান।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছিল। এতে অল্প সময় যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
