অনলাইন সংস্করণ
১১:৪১, ২৭ নভেম্বর, ২০২৪
যাত্রাবাড়ী ও লালবাগ থানার পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৭ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদের এ আদেশ দেন।
একইসাথে সাবেক এমপি সোলাইমান সেলিমের চকবাজার ও লালবাগ থানার দুই মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এছাড়া যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিকে বিভিন্ন থানার মামলায়, সাবেক মন্ত্রী দীপু মনি, আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সোলাইমান সেলিম, সাদেক খান, এবিএম ফজলে করিম, মনিরুল ইসলাম, আ স ম ফিরোজ, মশিউর রহমান এবং শাহরিয়ার কবিরকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ১৮ নভেম্বর রাতে কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যা মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে গতকাল ২৬ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।
অপরদিকে গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে করা হয়। এরপর তাদের কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়।