আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফেরানোর শেষ চেষ্টা ব্যর্থ হয়েছে। তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিকালে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

উল্লেখ্য, ঋণ খেলাপির অভিযোগ তুলে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন একই আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশন (ইসি) ঋণ খেলাপির অভিযোগে মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট আবেদন করেন। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট সরাসরি ওই রিট খারিজ করে দেন। পরে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন, যা সর্বশেষ খারিজ হলো।