প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের বিরুদ্ধে রায় আজ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সন্তানদের বিরুদ্ধে দায়ের করা দুই পৃথক মামলার রায় আজ ঘোষণা করা হবে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ আদালতে এ রায় ঘোষণা করা হবে।  

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটিতে অভিযোগ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন।

মামলা দুটিতেই শেখ রেহানার আরেক মেয়ে এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এসব মামলার বিচারিক কার্যক্রম ঢাকার বিশেষ জজ-৪ আদালতে সম্পন্ন হয়। 

দুই মামলার সূত্রে জানা যায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার পৃথক দুটি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে রূপন্তীসহ ১৬ জন এবং ববিসহ ১৬ জনের নামে দুটি মামলা করে দুদক।

তদন্ত শেষে দুই মামলায় ওই বছরের ১০ মার্চ সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন উদ্দিনসহ ১৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র জমা দেয় দুদক। 

পরে একই বছরের ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৩ জানুয়ারি রূপন্তীসহ ১৮ জনের মামলার রায়ের জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। পরবর্তীতে গত ১৮ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে ববিসহ ১৮ জনের মামলার রায়ের জন্যও ২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।

 

আবা/এসআর/২৫