রাষ্ট্রপতিকে সরানোর দাবিতে নোটিশ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ | অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করে নোটিশটি পাঠানো হয়।

ভোলার আব্দুল্লাহ আল মাহমুদের পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) এই নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জুলাইয়ের স্পিরিটকে অসম্মান করেছেন। এ কারণে তিনি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্য নন। তার সময়ে ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘ডামি নির্বাচন’ হিসেবে পরিচিতি পায়, যা শপথ ভঙ্গের শামিল বলে দাবি করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করে তাকে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।

নোটিশে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা হলে রিট দায়ের করা হবে।