৪ আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১২:৪৭ | অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের আনা কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম-২, রংপুর-৬, রংপুর-৪ ও রাজশাহী-১ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগের নির্বাচনী ট্রাইব্যুনাল।

সোমবার (২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন সংশ্লিষ্ট চার প্রার্থীর আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। 

আবেদনকারী বিএনপির প্রার্থীরা হলেন—কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

এর আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদন গ্রহণ করে শুনানি করছেন।

এর আগে ৯টি আসনে ভোট কারচুপির অভিযোগ এনে নয়জন প্রার্থী পৃথকভাবে আবেদন করেন। এর মধ্যে চারটি আবেদন ইতোমধ্যে শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।