ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের জামিন
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এদিন আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।
গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে ডিবি পুলিশ। পরের দিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর গত ১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়াসহ ধর্ম অবমাননার অভিযোগে মামলা করেন ডা. মো. মাহফুজুর রহমান। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের (এনআইএনএস) নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক।
মামলার অভিযোগ অনুযায়ী, আবুল সরকার মানিকগঞ্জের একটি মেলার মঞ্চে পরিবেশিত গানে আল্লাহকে নিয়ে অশ্রদ্ধা ও কটূক্তিপূর্ণ মন্তব্য করেছেন। এই মন্তব্য বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলায় তাকে দণ্ডবিধির ১৮৬০-এর ২৯৫ ও ২৯৫(ক) ধারায় অভিযুক্ত করা হয়েছে।
