হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১৬:২৫ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

রাজধানীর আদাবর থানার একটি অস্ত্র মামলায় শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র্যাব-২। পালানোর চেষ্টার সময় ফয়সাল করিমকে আটক করা হয় এবং তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পরদিন আদাবর থানায় হাবিলদার মশিউর রহমান অস্ত্র আইনে ফয়সাল করিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ফয়সাল করিম এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম, জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন। অপরাধ সংঘটনের জন্য তিনি নিজের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রেখেছিলেন।
তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম এ মামলায় জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এর মধ্যে গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হয়েছেন।
