সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন রিমান্ডে
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৮:১২ | অনলাইন সংস্করণ

রাজধানীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডিইউ) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় করা মামলায় প্রধান আসামি মঈন উদ্দিন মঈনসহ তিনজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৪ এপ্রিল) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া অন্য দুই আসামি হলেন— এমবি স্বপ্নন কাজী ও শাওন হোসেন।
এর আগে, গত ১১ এপ্রিল সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডিইউ) হাসপাতালে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় মঈন উদ্দিন মঈনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩৮৫/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
