মানবতাবিরোধী অপরাধে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৬:৫১ | অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন-এর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল-১। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

আদালত আগামী ৯ জুন মামলার সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন। এদিকে, আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেছেন।

এর আগে, গত ১১ মার্চ আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী অব্যাহতির আবেদন জানিয়ে বলেন, অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষ গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি এবং আসামিদের সঙ্গে কোনো হত্যাকাণ্ডের সরাসরি সম্পৃক্ততা দেখাতে ব্যর্থ হয়েছে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আমিনুল ইসলাম দাবি করেন, তৎকালীন সরকারকে টিকিয়ে রাখতে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন উসকানিমূলক ভূমিকা পালন করেন। তাদের বক্তব্য ও কর্মকাণ্ডের ফলে নিরস্ত্র ছাত্র-জনতার বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পরিবেশ তৈরি হয় এবং কারফিউ জারির পরিস্থিতি সৃষ্টি হয়।

ধারাবাহিক এসব ঘটনার ফলেই আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

মামলায় রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জনকে হত্যার অভিযোগসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।