মোহাম্মদপুরে ৯ হত্যা, নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আদেশ আজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৩:০৮ | অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার (৭ মে) অভিযোগ গঠনের আদেশ দেওয়ার দিন ধার্য রয়েছে।

এই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে।

আদেশটি দেওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেলের।

মামলার নথি অনুযায়ী, বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার চার নেতা। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

এর আগে গত ২৬ এপ্রিল এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষ তিনটি পৃথক অভিযোগ উপস্থাপন করে জানায়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই বিভিন্ন স্থানে কীভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয় তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে।

শুনানিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলে নূর তাপসের কথোপকথনের বিষয়ও উপস্থাপন করা হয় বলে দাবি করে রাষ্ট্রপক্ষ।

একই সঙ্গে বিভিন্ন ভিডিও ফুটেজে অন্যান্য আসামিদের উপস্থিতির প্রমাণ রয়েছে বলেও আদালতকে জানানো হয়।