সচিবালয় বিলুপ্তির সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া শিশির মনিরের

প্রকাশ : ২০ মে ২০২৬, ১৩:১৭ | অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এর কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে সিরিয়াস আদালত অবমাননা বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির।

বুধবার (২০ মে) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করা হয়েছিল এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। এ অবস্থায় সচিবালয় বিলুপ্ত করা আদালতের প্রতি গুরুতর অবমাননা।

তিনি জানান, এ বিষয়ে আগামীকাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হবে।

এর আগে, মঙ্গলবার (১৯ মে) সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এর সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার এ সিদ্ধান্ত নেয় বলে জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী সংশ্লিষ্ট বিচার প্রশাসন সার্ভিসের কর্মকর্তাদের পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।