রামিসা হত্যা: আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

প্রকাশ : ০১ জুন ২০২৬, ১০:৩৭ | অনলাইন সংস্করণ

ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) শুনানি আজ সোমবার।মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে কি না, সে বিষয়ে আজ সিদ্ধান্ত দেবেন আদালত। এরই মধ্যে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়েছে।

আদালত সূত্র জানায়, সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে করে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।

ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত গত ২৪ মে চার্জশিট আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন।

অভিযোগপত্রে প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৯ মে পল্লবীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন।

ঘটনার পর স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।