রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু আজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৮:১০ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ মঙ্গলবার (২ জুন) সাক্ষ্যগ্রহণ শুরু হবে। মামলাটির অভিযোগ গঠন শুনানি শেষে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য এদিন ধার্য করেন।

সোমবার (১ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠন (চার্জ গঠন) শুনানি অনুষ্ঠিত হয়। 

মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, প্রধান আসামি সোহেল রানা ও অপর আসামি স্বপ্না আক্তারের উপস্থিতিতে শুনানি গ্রহণ করেন আদালত। এর আগে গত ২৪ মে পুলিশ পরিদর্শকের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছিল। তদন্তে ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক আলামতের ভিত্তিতে এই অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।

এর আগে, গত ১৯ মে পল্লবীর মিরপুর এগারো এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আসামিদের গ্রেফতার করে। আজ মামলার তদন্ত কর্মকর্তা ও অন্যান্য সাক্ষীদের জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

 

আবা/এসআর/২৬