৪৩তম বিসিএস: নন-ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৪:৫৮ | অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 

রিটকারী আইনজীবী জানান, হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলেছেন প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নিয়োগ দেয়া হয়েছিল। রায়ে আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে, গত বছর ৪৩তম বিসিএসের নন ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ৪৬২ জন চাকরিপ্রত্যাশী। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে রিট আবেদনের শুনানিতে ৪৩তম বিসিএসের নন ক্যাডারে উত্তীর্ণদের তালিকা প্রকাশের নির্দেশ দেন হাইকোর্ট।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) ৩০ দিনের মধ্যে এ তালিকা প্রকাশ করতে বলা হয়। একই সঙ্গে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জনকে নন ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।
 
২০২০ সালের ৩০ নভেম্বরে ৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারির পর এতে মোট ৯ হাজার ৮৪১ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ২০২৩ সালের ১৪ ডিসেম্বর নন ক্যাডার পদে চাকরি করতে ইচ্ছুক এমন প্রার্থীদের অনলাইনে পছন্দক্রম আহ্বান করে পিএসসি।

পরবর্তীতে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর বিভিন্ন ক্যাডার সার্ভিস পদে ২ হাজার ১৬৩ জনকে এবং একইসঙ্গে ৬৪২ জনকে বিভিন্ন নন ক্যাডার পদে সুপারিশ করা হয়।