অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ২২:৩২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলকে ‘ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের’ অভিযোগে সুপ্রিম কোর্টে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার দায়িত্বে থাকা চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) অ্যাটর্নি জেনারেলের নির্দেশে প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন এ কারণ দর্শানোর নোটিশ দেন।
নোটিশ পাওয়া চারজন ডিএজি হলেন- মো. জহিরুল ইসলাম সুমন, মো. রফিকুল ইসলাম মন্টু, মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান নজরুল।
নোটিশের ভাষ্য অনুযায়ী, রোববার (৫ জুলাই) দুপুরে অ্যাটর্নি জেনারেল কর্মরত থাকাকালীন তার কার্যালয়ে তার সঙ্গে ওই চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিচারপ্রার্থী ও কার্যালয়ে কর্মরত অন্য আইন কর্মকর্তাদের উপস্থিতিতে অসংযত আচরণ করেন। তাকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এছাড়াও যেকোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটবে বলে হুমকি দেন।
শোকজ নোটিশে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলা হয়, আপনাদের এহেন কার্যক্রম গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আপনাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই নোটিশ প্রাপ্তির ০৩ (তিন) কর্ম দিবসের মধ্যে জবাব প্রদানের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে।
আবা/এসআর/২৬
