সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২০:২৩ | অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে সমাবেশে যোগ দিতে বাধা দেওয়া, রাস্তা অবরোধ এবং পেপার স্প্রে ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, মঙ্গলবার (০৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (০৫ আগস্ট) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) দিন ধার্য করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ এজাহারভুক্ত ১১১ জন এবং অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জন গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে অবস্থান নেন।
এ সময় তারা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর, রাস্তা অবরোধ এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাবেশে যাওয়ার পথ রুদ্ধ করেন।
অভিযোগে আরও বলা হয়, পরদিন ২৯ ডিসেম্বর সকালে খালেদা জিয়া সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে বালুভর্তি ট্রাকসহ বিভিন্ন যানবাহন দিয়ে রাস্তা ব্যারিকেড দেওয়া হয়। একাধিকবার বের হওয়ার চেষ্টা করলেও তাকে বাধা দেওয়া হয় এবং নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহার করা হয়। এতে খালেদা জিয়াসহ তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনায় ২০২৪ সালের ৪ অক্টোবর গুলশান থানায় মামলা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন।
মামলায় দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)(বি) ধারায় অভিযোগ আনা হয়েছে।
