বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ পাচ্ছেন না সালমান-আনিসুলসহ ৫ আসামি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ২৩:২১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচ আসামির পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ বার কাউন্সিলের বৈঠকে তাদের করা অনুমতি প্রার্থনার আবেদনগুলো সর্বসম্মতিক্রমে নাকচ করে দেওয়া হয়েছে। 

বার কাউন্সিলের এ সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও সাংবাদিক ফারজানা রূপার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন অনুমোদন পাননি।

বার কাউন্সিলের মতে, বিদেশি কোনো আইনজীবীকে মামলা পরিচালনার সুযোগ দেওয়ার পর তিনি যদি কোনো পেশাগত অসদাচরণ করেন, তবে তাকে জবাবদিহির আওতায় আনার বা ব্যবস্থা নেওয়ার কোনো বিধান বার কাউন্সিল আইনে নেই। সার্বিক দিক বিবেচনা করে বিদেশি আইনজীবীদের সরাসরি বাংলাদেশের আদালতে লড়ার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আসামিপক্ষের দেশি আইনজীবীদের পরামর্শ বা পরামর্শক হিসেবে সহযোগিতা দেওয়ার সুযোগ বিদেশি আইনজীবীদের জন্য উন্মুক্ত থাকবে।

এর আগে সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের আইনজীবী গ্রায়েম এল হল বার কাউন্সিলে আবেদন করেন। গত ৩০ আগস্ট বিষয়টি নিশ্চিত করেছিলেন আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।

গ্রায়েম এল হল গত ১৪ আগস্ট বার কাউন্সিলের সচিবের কাছে আবেদনটি জমা দেন। এতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার বিধান উল্লেখ করে বাংলাদেশের স্থানীয় আইনজীবীদের পাশাপাশি সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী হিসেবে উপস্থিত থাকার অনুমতি চান তিনি। আবেদনের সঙ্গে নিজের পেশাগত পরিচিতি ও অন্যান্য প্রাসঙ্গিক নথিও সংযুক্ত করেন যুক্তরাজ্যের এ আইনজীবী। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল হলের স্বাক্ষরিত আবেদনটি ২৪ আগস্ট গ্রহণ করে বার কাউন্সিল।

 

 

আবা/এসআর/২৬