শাপলা চত্বরের মামলায় ট্রাইব্যুনালে হাজির ১১ আসামি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৫:২১ | অনলাইন সংস্করণ

২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আবদুর রাজ্জাক, ডা. দিপু মনি, হাসানুল হক ইনু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপাসহ ১১ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি রয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) কারাগার থেকে প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১০ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল দুইয়ে এই মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার জন্য দিন ধার্য রয়েছে।
সকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়নি। তাকে দুপুরে আলাদা করে হাজির করা হয়েছে।
এর আগে ট্রাইব্যুনাল পলাতক শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আদেশ দিয়েছেন।
গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে পলাতকদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এ মামলায় দু’টি অভিযোগের মধ্যে প্রথমটিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ঢাকায় ৩২ জনকে হত্যার ঘটনা আনা হয়। দ্বিতীয় অভিযোগে আনা হয়েছে। ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনা মামলায় উল্লেখ্য করা হয়েছে।
এদিকে গাজীপুরের অধ্যক্ষ আবুল হোসেনকে গুমের ঘটনায় পুলিশের সিটিটিসি প্রধান আসাদুজ্জামান ও এডিসি ইশতিয়াকসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
