চট্টগ্রামে ৬ হত্যা মামলায় ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।
রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
গত ১৯ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে করা আসামিপক্ষের আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয়। এরই ধারাবাহিকতায় প্রথম সাক্ষীর জবানবন্দির মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্যপর্ব শুরু হবে।
বর্তমানে গ্রেপ্তার পাঁচ আসামি হলেন- চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।
হাছান মাহমুদসহ পলাতক অন্য আসামিরা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২২ আসামির বিরুদ্ধে গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। সাক্ষ্যগ্রহণের জন্যও দিন ধার্য করা হয়েছিল। কিন্তু এ আদেশের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেন গ্রেপ্তার পাঁচ আসামি। এর পরিপ্রেক্ষিতে গত ২১ সেপ্টেম্বর প্রথম দিনের মতো শুনানি হয়। এরপর ৮ ও ১৩ অক্টোবর আরও দুই দফা শুনানি হয়। ১৯ অক্টোবর তাদের আবেদনটি খারিজ করে দেন আদালত।
এর আগে, ৭ এপ্রিল সুনির্দিষ্ট তিনটি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। ৫ এপ্রিল ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।
আবা/এসআর/২৬
