শাপলা চত্বরে গণহত্যা

হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ | অনলাইন সংস্করণ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবীরা আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে এ শুনানি করবেন।

সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির কার্যক্রম পরিচালিত হবে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে গত ১২ নভেম্বর শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ওইদিন শুনানিতে তিনি আসামিদের বিরুদ্ধে আনা পৃথক অভিযোগগুলো পড়ে শোনান। পাশাপাশি মামলার পটভূমি তুলে ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ড এবং শেখ হাসিনার শাসনব্যবস্থার বিবরণ উপস্থাপন করেন।

শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণের চেয়েও বেশি উপাদান রয়েছে দাবি করে ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান চিফ প্রসিকিউটর। পরে আসামিপক্ষের বক্তব্য শোনার জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

মামলায় গ্রেফতার ১১ আসামির মধ্যে রয়েছেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী।

এছাড়া আছেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

পলাতক আসামিদের তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী মৃণাল কান্তি দাস, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের সাবেক মুখপাত্র ইমরান এইচ সরকার।

সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই মামলার আসামি।

এর আগে গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং গ্রেফতার হওয়া আসামিদের হাজির করার নির্দেশ দেওয়া হয়।

পরে ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ করেও সন্ধান না পাওয়ার কথা জানিয়ে নন-এক্সিকিউশন রিপোর্ট জমা দেয়। ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ওই ৩০ জনকে পলাতক দেখিয়ে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন আদালত।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় দুটি পৃথক ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা এবং দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে।