পলাতক আসামির পক্ষে এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল: চিফ প্রসিকিউটর
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৯ | অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, একজন পলাতক আসামির পক্ষে এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল দাবি।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) চিফ প্রসিকিউশনের অফিসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, তিনি ৫ আগস্ট থেকে পলাতক আছেন। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যিনি ফেরারি জীবনযাপন করছেন, তিনি বাংলাদেশ সরকারের কাছে এয়ারক্রাফট চাচ্ছেন এবং তার জনৈক মুখপাত্র এটি বিবৃতি আকারে প্রচার করছেন, এটি একটি হাস্যকর ঘটনা।
আমি মনে করি যে, এয়ারক্রাফট চাওয়ার যে বিষয়টি যে মুখপাত্র, যিনি এই দাবি করেছেন, এই বিবৃতিটা তার উন্মাদনা ছাড়া কিছু না।
কারণ হচ্ছে, একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল দাবি। অতএব এ ধরনের দাবি মোটেও গ্রহণযোগ্য হতে পারে না।
এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বলা হয়, এই প্রথম শেখ হাসিনা দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন।
তার এই ঘোষণায় বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে। কারণ দেশটিতে তার দল নিষিদ্ধ রয়েছে। এছাড়া চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করার পর থেকে দেশে সহিংসতার মাত্রাও বেড়েছে।রাজনৈতিক সংবাদ
প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের উদ্যোগ নেয়ার পাশাপাশি রক্তাক্ত গণঅভ্যুত্থানের মুখে দিল্লিতে পালিয়ে যাওয়ার কয়েক মাস পর বাতিল হওয়া এসব নথি পুনরায় পাওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বাংলাদেশ সরকারকে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু বাংলাদেশের একটি বিমানে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই এখন তিনি সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য তার আকাশপথে যাতায়াতের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।”
তিনি আরও বলেন, “এ ধরনের পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসিত করা হয়। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।”
রয়টার্সের এমন প্রতিবেদন প্রকাশ্যে আসার পর এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। বাংলাদেশে আসতে হলে তাকে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে।
