দেবহাটায় ধর্ষণ চেষ্টা মামলার আসামি আটক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৪ | অনলাইন সংস্করণ

  দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে ধর্ষণের চেষ্টা মামলার এজাহারনামীয় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পুলিশ এক অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

আটককৃত আসামির নাম আফজাল গাজী (৩৬)। তিনি উপজেলার চকমোহাম্মাদালীপুর গ্রামের আদর আলীর ছেলে।

পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল-এর দিকনির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) আদনান বীন আজাদ ও এসআই (নিঃ) লেলিন বিশ্বাস সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার মোহাম্মাদালীপুর গ্রাম এলাকা থেকে ধর্ষণের চেষ্টা মামলার এজাহারনামীয় ওই আসামিকে আটক করেন। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দেবহাটা থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই এলাকার এক নারী বাদী হয়ে আটককৃত ব্যক্তিকে আসামি করে দেবহাটা থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।