নির্বাচন ঘিরে বেড়েছে সহিংসতা ও সাংবাদিক হয়রানি: আসক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের হয়রানি উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি ফেব্রুয়ারির ১ থেকে ১০ তারিখ পর্যন্ত সারা দেশে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুজন নিহত এবং ৪৮৯ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আসক।

সংস্থাটির পরিসংখ্যান বলছে, জানুয়ারির শেষ ১০ দিনে ৪৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় চারজন নিহত ও ৪১৪ জন আহত হন। এর আগে, জানুয়ারির ১ থেকে ১০ তারিখের মধ্যে আটটি ঘটনায় পাঁচজন নিহত ও ২৬ জন আহত হন। আর ১১ থেকে ২০ জানুয়ারির মধ্যে ১৮টি ঘটনায় দুজন নিহত ও ১৭৬ জন আহত হন।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ১১ জন সাংবাদিক হামলার শিকার হন। ২০২৬ সালের জানুয়ারিতে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬ জনে। আর ফেব্রুয়ারির প্রথম ১০ দিনেই অন্তত ৪৭ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছে আসক।

এ ছাড়া, গত ৭ ফেব্রুয়ারি অনলাইন সংবাদমাধ্যম বাংলাদেশ টাইমস-এর ২১ জন সাংবাদিককে তাদের কর্মস্থল থেকে একটি সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং প্রায় দুই ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আসকের বিশ্লেষণে বলা হয়, ডিসেম্বর ২০২৫-এর তুলনায় জানুয়ারি ২০২৬-এ রাজনৈতিক সহিংসতার ঘটনা বেশি ঘটেছে। ২০২৬-এ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের প্রতি ১০ দিন অন্তরের তথ্যের তুলনামূলক বিশ্লেষণে দেখা যাচ্ছে যে, রাজনৈতিক সহিংসতার ঘটনা ক্রমাগতভাবে বাড়ছে। এই ঘটনাগুলোতে হতাহতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। জানুয়ারির রাজনৈতিক সহিংসতার ক্রমবর্ধমান প্রবণতা ফেব্রুয়ারি মাসেও অপরিবর্তিত আছে। অর্থাৎ নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে রাজনীতির মাঠ ক্রমেই সহিংস হয়ে উঠছে। রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির সাথে সাথে সাংবাদিক আক্রান্তের হারেও বৃদ্ধির প্রবণতা অপরিবর্তিত আছে।