সাতক্ষীরায় সেতুর ওপর ছুরিকাঘাত করে ছিনতাই
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪২ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটার শাকদহ ব্রিজের ওপর শিশির ইসলাম (৩৭) নামে এক যুবককে গলায় ছুরিকাঘাত করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটকেলঘাটার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছে বলে জানা গেছে।
আহত শিশির ইসলাম যশোর জেলার কেশবপুর উপজেলার বগা গ্রামের বাসিন্দা। তিনি আকিজ কোম্পানির সেলস ম্যান হিসেবে কর্মরত রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯টার দিকে শাকদহ ব্রিজ দিয়ে বাড়ি ফেরার সময় চারজন দুর্বৃত্ত ওই যুবকের পথরোধ করে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাটকেলঘাটা নার্সিংহোমে নিয়ে যায়।
পাটকেলঘাটা নার্সিংহোমের চিকিৎসকরা জানান, আহত ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
