মুন্সীগঞ্জে সেনা অভিযানে ককটেল ও হেরোইনসহ গ্রেপ্তার ১

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৬ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ককটেল ও হেরোইনসহ এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার গভীর রাতে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মোল্লাকান্দি আর্মি ক্যাম্প এর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গোপন তথ্যের ভিত্তিতে ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।

রাত প্রায় ১টার দিকে সন্দেহভাজন রনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে দুটি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম এবং কিছু পরিমাণ হেরোইন উদ্ধার করা হয় বলে দাবি করেছে সেনাবাহিনী।

সেনা সূত্র আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও তার সহযোগীরা আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় ককটেল তৈরি করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। সন্দেহজনক যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বানও জানানো হয়েছে।