ঢামেক হাসপাতালে প্রতারণা ও চুরির ঘটনায় আনসারের হাতে দুইজন আটক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১৩:৪৪ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় প্রতারণা ও চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। এ সময় চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উৃপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন— রনি আহাম্মদ (৩৮) ও বেলাল মিয়া (২৫)।
মো. আশিকউজ্জামান জানান, শুক্রবার বেলা ১ টা ৫০ মিনিটে ঢাকা মহানগর দক্ষিণ জোনের রমনা থানার অধীন ঢাকা মেডিকেল কলেজের ০২ নম্বর (বাগান গেইট) প্রবেশপথ এলাকা থেকে রনি আহাম্মদ (৩৮) নামের এক প্রতারক চক্রের সদস্যকে স্বর্ণের বার সদৃশ পিতলের বার প্রদর্শনের মাধ্যমে প্রতারণার চেষ্টার অভিযোগে আটক করা হয়। পরে একই দিন আনুমানিক ২টায় হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে বেলাল মিয়া (২৫) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে সেটি প্রকৃত মালিকের কাছে করা হয়। অভিযানে ডিউটিরত এপিসি মো. সুজাত মোল্লা এবং আনসার সদস্য ইমরান, আল আমিন ও সুজন দায়িত্ব পালন করেন।
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটককৃত দুই অভিযুক্তকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সম্পদের সুরক্ষায় আনসার সদস্যরা সর্বদা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাদের এই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নিরাপত্তা ব্যবস্থাকে আরও দৃঢ় করার পাশাপাশি জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
