রংপুরে জোড়া হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১৯:২০ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরে র্যাব-১৩’র অভিযানে তারাগঞ্জ থানার জোড়া হত্যা মামলার ১ জন পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, রুপলাল রবিদাস এবং প্রদীপ লাল সম্পর্কে ভাতিজী জামাই। গত বছরের ৯ আগস্ট রাতে ভ্যান নিয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানার গোপালপুর ছরান বালুয়া থেকে তারাগঞ্জের বাড়িতে আসার পথে রাত সাড়ে ৮টার দিকে ০৫ নং সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে পৌঁছালে তাদের সন্দেহ করে এলাকার কিছু মানুষ জিজ্ঞাসাবাদসহ এক পর্যায়ে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতরে থাকা দুর্গন্ধযুক্ত পানীয় পাওয়া যায়। সেই পানির গন্ধে উপস্থিত কয়েকজন তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়লে উত্তেজিত জনতা তাদেরকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে লাঠি-সোঁটা ও লোহার রড দ্বারা পিটুনি দেয়, এক পর্যায়ে তারা দুজন গুরুতর জখমপ্রাপ্ত হলে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রুপলালকে মৃত ঘোষণা করেন এবং প্রদীপ লালকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রংপুর প্রেরণ করেন। প্রদীপলাল চিকিৎসারত অবস্থায় গতবছরের ১০ আগষ্ট ভোর ৪টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় গত বছরের ১০ আগস্ট মৃত রুপলাল-এর স্ত্রী বাদী হয়ে রংপুর জেলায় তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেপ্তারে সচেষ্ট হয়।
এরই অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর-এর একটি চৌকস আভিযানিক দল ১৩ মার্চ রাত সাড়ে ১২টায় রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন ফকিরপাড়া গ্রামস্থ মামলার আসামি মজিদুল ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তারাগঞ্জ থানার আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি আলতাফ হোসেনের ছেলে মজিদুল ইসলাম (২৪)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
