রংপুরে চব্বিশ ঘণ্টায় অভিযানে ১৬ জন গ্রেপ্তার
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ২১:১৭ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর মহানগর এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশ-এর কোতয়ালী থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য, চারজন পরোয়ানাভুক্ত আসামি, ইয়াবাসহ দুইজন এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে বিভিন্ন পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া মহানগরের বিভিন্ন থানায় পৃথক অভিযানে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
হারাগাছ থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তিনজনকে আটক করে। অপরদিকে হাজীরহাট থানা পুলিশ ১০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করে। একই সময়ে পরশুরাম থানা পুলিশ দুইজন ছাগল চোরকে আটক করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
আরপিএমপির মিডিয়া শাখা জানিয়েছে, মহানগর এলাকায় মাদক নির্মূল, অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান, চেকপোস্ট তল্লাশি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
