ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৭:৫৯ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ১৪ নম্বর ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মধ্য পোয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক নাঈম উপজেলার মধ্য পোয়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাঈমের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় এলাকার কয়েকজন যুবক তাকে আটক করে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে শটগান বা পাইপগানে ব্যবহারের উপযোগী একটি কার্তুজ এবং একটি দেশীয় ধারালো অস্ত্র (কাঠার) উদ্ধার করা হয়। পরে তাকে আটক রেখে ফরিদগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই বোরহান উদ্দিন মজুমদার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে নাঈমকে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, একটি কার্তুজ ও একটি দেশীয় অস্ত্রসহ নাঈম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় গভীর তদন্ত অব্যাহত আছে বলে জানান তিনি।