মানিকগঞ্জে চোরাই পথে পাম্পের তেল বিক্রি, আটক ২

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ২০:৪২ | অনলাইন সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের এক নেতার মালিকানাধীন ফিলিং স্টেশন থেকে চোরাই পথে পেট্রোল বিক্রির অভিযোগে পাম্প ম্যানেজার ও এক ক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রুমী ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের ম্যানেজার এসএম বাবুল হোসেন (৫০) এবং ডিজেল ডিলার মামুন প্রধান (৪২)-কে আটক করা হয়।

জানা যায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম খানের মালিকানাধীন ও পাম্পের নামে ফতুল্লার মেঘনা ডিপো থেকে প্রায় সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল সরবরাহ করা হয়। তবে নির্ধারিত পাম্পে না নিয়ে তা অন্যত্র সরিয়ে বিক্রির অভিযোগ ওঠে।

গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) মানিকগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে পেট্রোল বোঝাই একটি লরি জব্দ করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

অভিযোগ রয়েছে, পাম্পে সরবরাহ করা পেট্রোলটি সরাসরি নামানো হয়নি। বরং বুধবার রাতেই পেট্রোলবাহী লরি থেকে তা উপজেলার টেপড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসের দক্ষিণ পাশে অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিজেল ডিলার মামুন এন্টারপ্রাইজে খালাস করা হয়।

বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করেন।

ইউএনও জানান, রুমী ফিলিং স্টেশনের নামে ইস্যু করা পেট্রোল অন্যত্র সরিয়ে নেওয়ার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত পেট্রোল নিলামের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে এবং জব্দকৃত লরির বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।