রাজধানীতে আনসারের তৎপরতায় অটোরিক্সা ছিনতাই প্রতিরোধ, আটক ৩
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৩:১৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালী এলাকায় একটি অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধ করেছে আনসার বাহিনীর সদস্যরা। দ্রুত ধাওয়া ও কৌশলগত অভিযানে ছিনতাইকৃত অটোরিক্সাসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে হাতে নাতে আটক করেছেন তারা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি জানানো হয়, শুক্রবার ভোররাত আনুমানিক ৪টা ১৫ মিনিটে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল আনসার ক্যাম্প, মহাখালী, ঢাকার আনসার সদস্যরা নিয়মিত টহল ডিউটি পালনকালে এক ব্যক্তির চিৎকার শুনতে পান। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান, এক ব্যক্তির মুখ বেঁধে রাখা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি সংঘবদ্ধ ডাকাত দল অটোরিক্সা ছিনতাই করে ড্রাইভার ও দুইজন যাত্রী সেজে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আনসারের এপিসির নেতৃত্বে সদস্যরা ধাওয়া করে অটোরিক্সাসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেন।
আটকরা হলেন— মো. রিয়াজুল ইসলাম (২৭), মো. রাজু মিয়া (২০), মো. রাজন মিয়া (৩০)।
অভিযানে ১টি অটোরিক্সা, ২টি ছুরি এবং ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে অংশগ্রহণকারী আনসার সদস্যরা হলেন— এপিসি মো. আমিনুল ইসলাম, আনসার মো. আব্দুল জলিল, আনসার মো. কামরান এবং আনসার মো. অহিদুজ্জামান।
পরবর্তীতে উদ্ধারকৃত অটোরিক্সাটি মালিকের নিকট হস্তান্তর করা হয় এবং আটককৃত তিনজনকে বনানী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
