রংপুরে চাঞ্চল্যকর যুবদল কর্মী রাকিব হত্যার প্রধান ২ আসামি গ্রেপ্তার
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৭:৩৬ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরে চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মমিন মিয়া (৪২) এবং তার স্ত্রী মোছাঃ সুইটি বেগম (৩৫)। তারা রংপুর মহানগরীর কোতয়ালী থানার রবার্টসনগঞ্জ তাঁতীপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ৯ এপ্রিল ভিকটিম রাকিবকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়। এতে তার গলার ডান পাশে কানের নিচে গুরুতর ক্ষত সৃষ্টি হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হয়।
ঘটনার পর রাকিবের পিতা বাদী হয়ে রংপুর মহানগরীর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের একাধিক ধারায় রুজু করা হয়। এ ঘটনায় র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার আগের দিন রাকিবের সঙ্গে আসামি সুইটি বেগমের বাগ্বিতণ্ডা হয়। পরে তিনি মোবাইল ফোনে তার স্বামী মমিনকে বিষয়টি জানিয়ে উস্কানি দেন। পরদিন মমিন মিয়া রাকিবকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে এ ধরনের অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
