সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৮:১৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাজুকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

বুধবার গভীর রাতে উপজেলার সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজু একই এলাকার ধোপাকান্দি গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে।

র‌্যাব ১২-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ওই গ্রামে অভিযান চালানো হয়। এসময় ৫১৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। একইসাথে তার কাছ থেকে ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিলেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।