রংপুরে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ২০:৫৪ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)-এর অভিযানে ৬ হাজার ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে র‌্যাব-১৩ এর অতিরিক্ত পরিচালক বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যেম এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন— পারভেজ হোসেন (৩৩) ও মো. আসিফ (৩৫)। তারা দিনাজপুর জেলার পার্বতীপুর থানার নতুন বাজার এলাকার বাসিন্দা।

বিপ্লব কুমার গোস্বামী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার কোতোয়ালী থানার চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে। লাহিড়ীর হাট বাজারের বিসমিল্লাহ স্টোরের সামনে রংপুর-বদরগঞ্জ সড়কে এ অভিযান চালানো হয়।

এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৬ হাজার ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদেরকে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।