দিনাজপুরে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৭:১০ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেল ৫টার দিকে দিনাজপুরের কোতয়ালী থানাধীন খানপুর ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
অভিযান চলাকালে পলাতক আসামি রায়হান কবির ওরফে বাবুর বাড়ির পূর্ব পাশে একটি পরিত্যক্ত লাকড়ির ঘর থেকে মোট ৫৮১ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়। এর মধ্যে ৩৬২ বোতল এস্কাফ এবং ২১৯ বোতল আরসি কাফ রয়েছে। এছাড়া ২৫ বোতল বিদেশি মদও উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. জুয়েল বাবু (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দিনাজপুর জেলার কোতয়ালী থানার খানপুর জাগিরপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
