রাজবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশ : ০৩ মে ২০২৬, ২১:৫১ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত ইমরুল হাসান মধু (৪৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

রোববার (৩ মে) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কাহারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইমরুল হাসান মধু সদর উপজেলার ভবাণীপুর এলাকার হাজী আব্দুস সাত্তারের ছেলে। তিনি কুষ্টিয়ার একটি মামলার আসামি এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।

র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ও সহকারী পরিচালক মিডিয়া মো. আনোয়ার হোসেন জানান, ধৃত আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।