বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎ: অভিযুক্ত শিক্ষক কারাগারে
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৬:৩৩ | অনলাইন সংস্করণ
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অস্ট্রেলিয়া পাঠানোর নামে ৬০ লাখ টাকা আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম স্বপন কুমার রায় (৪৮)। তার বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী এলাকায়। তিনি একই উপজেলার খেড়কাটি দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
রোববার (৩ মে) ব্রাহ্মণবাড়িয়ার আদালতে উপস্থাপনের পর স্বপন কুমার রায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
এর আগে গত শুক্রবার (১ মে) ভোরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্যাসফিল্ড সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেপ্তার হয়।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) পিবিআই শচীন চাকমা বলেন,সরাইল থানায় দায়ের করা একটি মামলার তদন্তের সময় তথ্য-প্রযুক্তির সহায়তায় স্বপনকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়ে এসপি শচীন জানান, অভিযুক্তরা সুপরিকল্পিতভাবে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ধাপে ধাপে টাকা নেয়। এক পর্যায়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পর তারা সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।
পিবিআই জানায়, মামলার বাদীকে অস্ট্রেলিয়ার কথিত দুটি মোবাইল নম্বর থেকে যোগাযোগ করে একটি চক্র উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখায়। গত বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ১ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে বাদী ও তার আত্মীয়-স্বজনের ব্যবহৃত বিকাশ নম্বর থেকে মোট ৬০ লাখ টাকা একাধিক কিস্তিতে আদায় করা হয়। টাকা নেওয়ার পর প্রতারকরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে ভুক্তভোগী বিষয়টি বুঝতে পারেন।
তদন্তে আরও জানা গেছে, গ্রেপ্তার স্বপন কুমার রায় এই প্রতারণা চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন। তিনি পরিচিত কয়েকজন ব্যবসায়ী ও শিক্ষকের নামে তিনটি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলেন। সংশ্লিষ্ট সিমগুলো নিজের নিয়ন্ত্রণে রেখে ওই অ্যাকাউন্টগুলোতে টাকা গ্রহণ করতেন তিনি।
পিবিআইয়ের তথ্য অনুযায়ী, এসব অ্যাকাউন্টে অন্তত ২৯ লাখ ৩২ হাজার ১৪১ টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তিনি ও তার সহযোগীরা পরে ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এ ঘটনায় তার এক সহযোগী জাবেদুল ইসলাম পলাতক আছে বলে জানিয়েছে পিবিআই।
এ বিষয়ে খেড়কাটি দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিনুর রহমান বলেন, “আমাদের স্কুলের সহকারী শিক্ষক স্বপন কুমার রায়ের গ্রেপ্তারের বিষয়টি আমি লোকমুখে শুনতে পারি, তা ছাড়া বিনা ছুটিতে রোববার (৩ মে) তিনি স্কুলে অনুপস্থিত থাকায় স্কুলের হাজিরা খাতায় তাকে অনুপস্থিত দেখিয়েছি।”
